২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হিজবুত তাহরীরের চার সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে নিষিদ্ধ ধর্মীয় উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 12:01 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নিষিদ্ধ ধর্মীয় উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গ্রেপ্তার করা হলেও পুলিশ মঙ্গলবার সাংবাদিকদের সামনে তাদের হাজির করে। পুলিশ জানিয়েছে, নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের একটি বিপণি কেন্দ্রের সামনে থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার করা হয় আরো একজন। এরা হলেন- মুনতাসীর আলম রাজীব (২২), ইব্রাহিম আসলাম (২০), হামিদুল ইসলাম তারেক (২১) ও জাহেদুল আলম জাহিদ (২০)। মুনতাসীর চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের স্নাতক শেষবর্ষের ছাত্র, জাহেদুল আলম এসএসসি পরীক্ষার্থী, হামিদুল ইসলাম হাজেরা তজু ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক প্রথমবর্ষের ছাত্র এবং ইব্রাহিম আসলাম রং মিস্ত্রির কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। পাঁচলাইশ থানার ওসি নবজ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হলেও রাতে জিজ্ঞাসাবাদ ও ইব্রাহিমের বাসায় তল্লাশি চালিয়ে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি জানান, ইব্রাহিমের বাসা থেকে হিজবুত তাহরীরের দু'টি বই উদ্ধার করা হয়েছে। বই দুটি হলো- 'খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান' (হিজবুত তাহরীর, প্রথম সংস্করণ) এবং শেখ ওমর রাসেলের লেখা 'এটাই আমার পথ'। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান নবজ্যোতি খীসা। পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, "জিইসি মোড়ের সানমার ওশান সিটির সামনে দায়িত্ব পালনকালে তিন যুবকের গতিবিধি আমার সন্দেহ হয়। প্রায় ৪০ মিনিটে তাদের পর্যবেক্ষণ করে আমি টহলদলকে খবর দিই। টহল পুলিশের গাড়ি দেখে তিন যুবক তিনদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।" পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির জানান, টহল পুলিশ ইব্রাহিম, হামিদুল ও জাহিদের কাছ থেকে একটি কাগজের প্যাকেটে রাখা ৩১টি প্রচারপত্র উদ্ধার করে। পাঁচলাইশ থানার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই প্রচারপত্রের অংশ বিশেষ উল্লেখ করা হয়। এতে লেখা আছে, শেখ হাসিনা বাংলাদেশের মুসলিম সেনাবাহিনীর ওপর ক্রুসেডার মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সুদৃঢ় করেছে এবং হিজবুত তাহরীর এদেশের আপামর মুসলিমকে মুশরিক শত্র"রাষ্ট্র ভারতের সঙ্গে এদেশের সামরিক বাহিনীর যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মুনতাসীর হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করলেও অন্যরা অস্বীকার করেছে। ওসি নবজ্যোতি খীসা জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ইব্রাহিম আসলামের বাসায় তল্লাশি চালানো হয়। ওই সময় ইব্রাহিমের বাবা-মা তার হিজবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুলিশকে নিশ্চিত করেন। সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃতদের সম্পর্কে থানায় খোঁজ নিতে এলে মুনতাসীর আলমকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান। মুনতাসীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি হিজবুতের আদর্শে বিশ্বাস করি। কিন্তু ওই সংগঠনের কোনো নেতার সঙ্গে আমার যোগাযোগ নেই। খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে বুঝিয়ে থাকি। দলে আমার কোনো পদও নেই।" দুই বছর আগে হিযবুত তাহরীর নেতা শেখ ওমর রাসেলের সঙ্গে তার দেখা হয়েছিলো বলে তিনি জানান। জাহেদুল বলেন, "আমি বন্ধু হামিদুল ইসলাম তারেককে নিয়ে সানমার ওশান সিটির সামনে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাই। সেখানে ইব্রাহিমের সঙ্গে দেখা হলে কথা বলি। পরে পুলিশ আমাদের ধরে নিয়ে আসে। আমরা হিজবুতের সঙ্গে জড়িত নই।" হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করার পর চট্টগ্রামে সংগঠনটি নেতাকর্মীরা ঝটিকা মিছিলসহ বেশ কিছু তৎপরতা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমইউএস/এমএসবি/১৮০২ ঘ.