দিনাজপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমির ধান কাটাকে কেন্দ্র করে দিনাজপুরের বিরল উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার হাঁড়িপুকুর গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সংঘর্ষে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আবেদ আলী (৪৫) জানান, হাঁড়িপুকুর গ্রামে প্রায় ১৭ একর জমি নিয়ে স্থানীয় মন্দির কমিটি ও আদিবাসী জগনা মণ্ডলের মধ্যে বিবাদ চলে আসছিলো।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মন্দির কমিটির লোকজন ওই জমিতে ধান কাটতে গেলে আদিবাসীরা তীর-ধনুক, বল্লম ও লাঠিসোঠা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
আহতদের মধ্যে আরো আছেন- মোজাহার আলী (৪৫), দিলন গোস্বামী (৬০), সুবল হেম্ব্রম (৫০), দরেশ (৩৭), আইনুল ইসলাম (৪৫), সুশীল (২৮), রাহুল রায় (২১), অমৃত রায় (২৫) ও জ্যোতিষ রায় (১৮)।
বিরল থানার উপপরিদর্শক (এসআই) হরিদাস মহন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে দুপুর পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24