হবিগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জ সদর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছে কমপক্ষে ৩০ বাসযাত্রী।
মঙ্গলবার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তি হলেন- ট্রাকচালক আনোয়ার হোসেন (৩০)। তিনি সুদিয়াখলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি বাবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জগামী বাসের সঙ্গে সুদিয়াখলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা শায়েস্তাগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার।
ওসি জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৪৯ ঘ.
bdnews24