গাজীপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মঙ্গলবার যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক টেম্পুর তিন যাত্রী নিহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপজেলার মূলাইদ মাদ্রাসার সামনে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে সকাল ৭টার দিকে ওই দুর্ঘটনায় আহত হয় টেম্পুর আরো সাত যাত্রী। তাদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সাহাপুর গ্রামের অজুফা (৪৫) ও তার ছেলের বউ চায়না এবং তাদের প্রতিবেশী আবু মিয়ার ছেলে জাহান মিয়া (৩০)।
আহতরা হলেন- পিয়ারা (২৫), জরিনা (৫০), পারভিন (১৫) , আছিয়া (১৬), সাহা মিয়া (৩২), পেপি (৭) ও ইয়াছমিন (৭)।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদের মধ্যে পিয়ারা ও জরিনার অবস্থা আশঙ্কাজনক।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৭টার দিকে মূলাইদ এলাকায় ঘোড়াশালগামী টেম্পুটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কা লাগলে টেম্পুটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়।
তিনি বলেন, এতে ঘটনাস্থলে চায়না এবং কালীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর অন্য দুইজন মারা যান। তারা টেম্পুযোগে গাজীপুর থেকে গ্রামের বাড়ি বাজিতপুরে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত পালিয়ে যায় বলেও জানান ওসি আউয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪৫১ ঘ.
bdnews24