বান্দরবান, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবান বাজারে মঙ্গলবার ভোররাতে আগুনে ১২টি দোকানসহ ১৫টি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোররাত সাড়ে ৪টার দিকে লাগা ওই আগুন দমকলবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বাজারের ব্যবসায়ী আগুনে ক্ষতিগ্রস্ত সারের দোকান মেসার্স সুফী এন্টারপ্রাইজের মালিক মো. ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে বাজারের উত্তর অংশে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
তিনি বলেন, এর পরপরই বাজারের ব্যবসায়ীসহ আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনী কর্মীরা ছুটে আসে। এরপর আগুন নেভানোর কাজে সেনা এবং পুলিশ সদস্যরাও যোগ দেয়।
ইসমাইল জানান, আগুনে ১২টি দোকন, তিনটি বসতঘরসহ ১৫টি ঘর পুড়েছে। এর মধ্যে তার সারের দোকানসহ একটি করে ক্রোকারিজের, মুদি, ওষুধের ও কাপড়ের, দুটি ঘড়ির ও দুটি মোবাইল ফোনের দোকান এবং একটি খাবার হোটেল রয়েছে।
বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জামান, বান্দরবান চেম্বারের সহ-সভাপতি লক্ষ্মীপদ দাশ ঘটনাস্থল পরির্দশন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জামান সাংবাদিকদের জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১০৪৭ ঘ.
bdnews24