২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেলে পড়া ভবনটি ভাঙার কাজে ধীর গতি

রাজধানীর কাঠালবাগানে হেলে পড়া ভবনটি ভাঙার কাজ ঝুঁকিপূর্ণভাবে এবং মন্থর গতিতে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2010, 08:49 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

শফিকুল ইসলাম মিলটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঠালবাগানে হেলে পড়া ভবনটি ভাঙার কাজ ঝুঁকিপূর্ণভাবে এবং মন্থর গতিতে চলছে। সোমবার সরেজমিনে দেখা গেছে, হেলে পড়া 'এশিয়া হায়দার টাওয়ার' নামের নির্মাণাধীন ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে। সেখানে নিরাপত্তামুলক বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কথা বলে জানা গেছে, হেলেপড়া ভবনটির আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কায়। এ বিষয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, ভবনটি ভাঙার কাজ তদারকি করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি বিশেষজ্ঞ দল। তবে বুয়েটের ওই বিশেষজ্ঞ দলের সদস্যরা বলেছেন, তারা শুধু রাজউককে পরামর্শ দিচ্ছেন। নির্মাণাধীন ওই ছয়তলা ভবনটি গত রোববার রাত সোয়া ১১টার দিকে হেলে পড়ে। এ সময় পাশের পূর্বদিকের ১৬ তলা ভবন নাসির টাওয়ারও সামান্য হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর চারদিন পর শুক্রবার ভবনটি ভাঙার কাজ শুরু করে হালিমা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ সব বিষয়ে রাজউক চেয়ারম্যান মো. নুরুল হুদার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটি কীভাবে নিরাপদে ভাঙা যায় সে বিষয়টি তদারকি করতে বুয়েটের একটি বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভবনটি ভাঙায় কত ব্যয় হচ্ছে এবং তা কে বহন করছে জানতে চাইলে তিনি বলেন, "কাজ মাত্র শুরু হলো। ভাঙা শেষে মোট ব্যয় বলা যাবে। এ ব্যয় ডেভেলপার কোম্পানি ও বাড়ির মালিক বহন করবে।" তারা তো পলাতক, তা হলে এ ব্যয় কে বহন করছে জানতে চাইলে নুরুল হুদা বলেন, "আপাতত রাজউক বহন করছে। পরে মোট ব্যয় হিসাব করে ডেভেলপার কোম্পানি ও বাড়ির মালিককে জানানো হবে। তারা টাকা না দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।" এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "আতঙ্কিত হওয়ার কিছু নাই। ভবনটি এখন যে অবস্থায় আছে, তাতে আর দুর্ঘটনার কোনো আশঙ্কা নেই।" বুয়েটের বিশেষজ্ঞ দলের সদস্য অধ্যাপক ড. সফিউল্লাহ বলেন, "ভবনটি ভাঙার বিষয়ে আমরা রাজউককে পরামর্শ দিচ্ছি। কাজটি যেন নিরাপদে শেষ হয় সে বিষয়ে লক্ষ্য রাখছি। রাজউকের নিয়োগকৃতরাই ভবনটি ভাঙার কাজ করছেন।" হালিমা এন্টারপ্রাইজের পরিচালক মো. মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিদিন ১৫ জন শ্রমিক কাজ করছে। ঈদের ছুটির পর থেকে আরো শ্রমিক নেওয়া হবে।" নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে যত দ্রুত সম্ভব কাজ শেষ করা হবে বলে তিনি জানান। তবে ভবনটির পাশের এক দোকানি মো. শাজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিন-চার জন শ্রমিক দিয়ে ভাঙার কাজ চলছে। এভাবে চললে কাজ ছয় মাসেও শেষ হবে না।" স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আতঙ্কেই আছি। মনে হচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা চাই যত দ্রুত সম্ভব কাজ শেষ হোক।" ঘটনাস্থলে দমকল বাহিনীর একটি ইউনিট রয়েছে। ইউনিটের কর্মকর্তা মো. নুরুল আজম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য রিজার্ভ পানিবাহী গাড়িসহ আমরা প্রস্তুত আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এজে/কেএমএস/১৪৪৫ ঘ.