২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে 'বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী' নিহত

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী' ফজল হক ওরফে ক্যাডার ফজলু (৪২) নিহত হয়েছেন। এ সময় এক র‌্যাব সদস্য আহত হন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 10:28 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী' ফজল হক ওরফে ক্যাডার ফজলু (৪২) নিহত হয়েছেন। এ সময় এক র‌্যাব সদস্য আহত হন। সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আঁটি হাউজিং এলাকায় শনিবার গভীর রাতে তার সঙ্গে র‌্যাবের বন্দুকযুদ্ধ হয় বলে র‌্যাব দাবি করেছে। তবে নিহতের পরিবারের দাবি, ফজলুকে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে হত্যা করেছে। ফজলু উপজেলার লামাপাড়া এলাকার আইযুব আলীর ছেলে। র‌্যাব-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত আড়াইটার দিকে র‌্যাবের একটি দল আঁটি হাউজিং এলাকায় টহল দেওয়ার সময় অস্ত্র ক্রয়-বিক্রির খবর পায়। র‌্যাব সদস্যরা সেখানে গেলে অস্ত্র ব্যবসায়ীরা তাদের প্রতি গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে 'শীর্ষ সন্ত্রাসী' ফজল হক ওরফে ক্যাডার ফজলু গুলিবিদ্ধ হন। নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তিনি মৃত। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উভয়পক্ষের মধ্যে ২০/৩০ রাউন্ড গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল ও একটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অপহরণ, হত্যা, চাঁদাবাজি, মাদকসহ আটটি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম বলেন, ফজলুর বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এদিকে হাসপাতালে নিহতের ভাগ্নে সোহেল ও চাচাতো ভাই নাছির উদ্দিন জানিয়েছেন, ফজলুকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড থেকে সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা তুলে নিয়ে যায়। এরপর থেকে ফজল নিখোঁজ ছিল। রোববার ভোরে তারা জানতে পারেন ফজল র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মারা গেছেন। ফজলুর বন্ধু আসলাম জানান, ফজল, তিনি এবং তাদের অপর দুই বন্ধু খোকন ও রশিদ বাসস্ট্যান্ডে চা পানরত অবস্থায় সাদা পোশাকের র‌্যাব সদস্যরা ফজলকে ধরে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.