ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল আযহার আগাম ছুটি ও বিএনপির ডাকা হরতালের কারণে রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় ছিলো অনেকটা প্রাণহীন।
কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির হার ছিলো ৫০ শতাংশেরও কম। যদিও কাগজে কলমে উপস্থিতির হার ৫০ শতাংশ বলে জানিয়েছেন সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
কোন বহিরাগত দর্শনার্থীর দেখা পাওয়া যায়নি এদিন।
রোববার সচিবালয়ে অফিস করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কড়া পুলিশী নিরাপত্তায় সচিবালয়ে এসেছেন। একইভাবে এসেছেন উপ-সচিব থেকে সচিব পর্যায়ের প্রায় সকল কর্মকর্তা।
কর্মকর্তা ও কর্মচারীদের বহনকারী সরকারি পরিবহন পুল এবং কর্মচারী কল্যাণ বোর্ডের গাড়িগুলোও এসেছে পুলিশি নিরাপত্তায়। তবে বিভিন্ন ভবনে ঘুরে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির হার কম দেখা গেছে।
সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের গাড়ি রাখার স্থান এবং বিভিন্ন ভবনের লিফটগুলোও ছিলো ফাঁকা। এগুলোর সামনে লম্বা সারিও দেখা যায়নি।
কয়েকটি ভবনে ঘুরে কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগাম ছুটির কারণে বৃহস্পতিবার থেকেই অনেক কর্মী অফিসে আসা বন্ধ করে দিয়েছে।
ঈদের আগে আর মাত্র একটি কর্মদিবস বাকী রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৪০০ ঘ.
bdnews24