চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদী পরিবার শনিবার সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে।
রাত ৮টায় নগরীর চিটাগাং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী মুহাম্মদ ইউনুস।
ঐতিহ্যবাহী এ সংবাদপত্রটি ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে প্রথম প্রকাশিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, ৫০ বছর আগে তার বাবা ইঞ্জিনিয়ার আবদুল খালেক তৎকালীন পূর্ব পাকিস্তানের এই মফস্বল শহর থেকে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। প্রথমে পত্রিকাটির নাম ছিল 'সীমান্ত'। পরে নাম রাখা হয় 'আজাদী'।
তিনি বলেন, "আমার বাবা চেয়েছিলেন তথ্য প্রকাশের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করতে।"
তিনি দাবি করেন, দীর্ঘ পথ পরিক্রমায় কখনো কোনো দল বা গোষ্ঠির পক্ষে না গিয়ে সাংবাদিকতা করেছে এই পত্রিকা। বস্তুনিষ্ঠতা আর পাঠক প্রিয়তাই আজাদীকে বাঁচিয়ে রেখেছে।
দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ও প্রতিষ্ঠাতা সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের ভূমিকাকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন বর্তমান এই সম্পাদক।
সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যপাক মোহাম্মদ খালেদের ছেলে মোহাম্মদ জহির।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইউনুস বলেন, "আমরা সব ক্ষেত্রেই শুধু বিভক্তির পথে হাঁটি। অথচ দৈনিক আজাদী দীর্ঘ ৫০ বছর ধরে চট্টগ্রামের সব ধর্ম, বর্ণ, দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ করে রেখেছে।"
ইউনূস বলেন, বাংলাদেশের পুরো ভবিষ্যৎ নির্ভর করছে চট্টগ্রামের উপর। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রাণকেন্দ্র। এই বন্দরকে ব্যবহার করতে পারলে চীন, ভারত, বার্মা, নেপাল, ভুটান সব দেশ আমাদের কাছে আসবে। সম্ভাবনার দুয়ার খুলে যাবে।
অনুষ্ঠানে আজাদী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সহকারী সম্পাদক কবি অরুণ দাশগুপ্ত, পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাইমুল ইসলাম খান, চিটাগাং ক্লাবের সাবেক সভাপতি আলী আহমেদ, পিএইচপি গ্র"পের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক সিকান্দর খান, আজাদীর সহকারী সম্পাদক সানজিদা মালেক প্রমুখ।
অনুষ্ঠানে 'আজাদীর জন্যে ভালোবাসা' নামের এক ঘণ্টার একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়।
এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম, সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন, কবি সাংবাদিক আবুল মোমেনসহ প্রায় অর্ধশত রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও খেলোয়াড় আজাদী সম্পর্কে নিজেদের অনুভূতি তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ ইউনুস আজাদীর ৬ জন প্রয়াত সাংবাদিক, প্রকাশনা কর্মী ও প্রবীন হকারের হাতে আজাদীর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানের শেষে দেশের প্রতিথযশা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান 'আঁরা চাঁটগাঁইয়া'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/ডিডি/০১০৯ ঘ.
bdnews24