ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ টেলিভিশনের সংবাদ প্রচারের বিষয়টি বেসরকারি টেলিভিশনগুলোকে 'চাপিয়ে না দেওয়ার' পক্ষে তথ্য মন্ত্রণালয় সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
ওই স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের শনিবার বলেন, "বিটিভির সংবাদ প্রচার করার বিষয়টি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে চাপিয়ে না দিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধা করতে হবে।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে "বিটিভির খবর বেসরকারি টেলিভিশনে: আমাদের ভাবনা" শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।
আলোচনায় ওবায়দুল জানান, সরকার ও রাজনৈতিক নেতাদের চাপের কারণে বিটিভির পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা সম্ভব হয় না।"
ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত ওই সভায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল বলেন, "নিরপেক্ষ বলতে কিছু নেই। এটাও একটা পক্ষ। তবে কোনো বিষয়কে কঠিন করে (হার্ডলি) না বলে কোমল (সফ্ট্লি) বলা যেতে পারে।"
তিনি বলেন, "এটা আমাদের মানসিকতার (মাইন্ডসেটের) বিষয়।"
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবি সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম। তিনি বলেন, "বেসরকারি চ্যানেলগুলোতে বিটিভির সংবাদ প্রচার করার সরকারি সিদ্ধান্ত দ্বৈত নীতির প্রতিফলন।"
ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার বজলুল হক, ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের সম্পাদক ও ঢাবি ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিটিভির উপমহাপরিচালক আবু সালেক, ঢাবি ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক আখতারুজ্জামান ও প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮২০ ঘ.
bdnews24