গোপালগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে।
এ সময় তারা পুলিশের পিস্তল কেড়ে নেওয়ারও চেষ্টা করে। হামলায় দুই পুলিশ আহত হয়েছে।
তবে পুলিশ বলেছে, আসামিকে ছিনিয়ে নেওয়া হয়নি, তিনি পালিয়ে গেছেন।
শুক্রবার বিকালে উপজেলার ধানজাইল গ্রামের গরুর হাট থেকে পরোয়ানাভুক্ত আসামি মিজানকে (৪০) গ্রেপ্তারের সময় এ ঘটনা ঘটে।
মিজান কাশিয়ানী উপজেলার ধানজাইল গ্রামের আতিয়ার রহমান শেখের ছেলে।
হাটে গরু কিনতে আসা বালিয়াডাঙ্গা গ্রামের গনি মিয়া (৩৫) সাংবাদিকদের জানান, মিজানকে গ্রেপ্তারের সময় তার সহযোগী ইদি ও মিরাজের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় তারা কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল আলমের কোমর থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।
হাটে আসা নড়াইল গ্রামের তন মিয়া (৩০) বলেন, হামলায় এসআই শরিফুলের গায়ের গেঞ্জি ছিঁড়ে যায় ও তার নাক দিয়ে রক্ত ঝরে। তার সঙ্গে থাকা কনস্টেবল শাজাহানও আহত হন।
তবে কাশিয়ানী থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান পালিয়ে গেছে। কোনো হামলার ঘটনা ঘটেনি।
তিনি বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকবমকে বলেন, যশোরের বাঘারপাড়া থেকে ছিনতাই হওয়া একটি ট্রাক মিজানের হেফাজতে ছিলো। পরে ট্রাকটি আলফাডাঙ্গা সদর বাজার থেকে উদ্ধার করা হয়।
মিজানের বিরুদ্ধে ওই ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা রয়েছে।
এছাড়া ছিনতাইয়ের অভিযোগে তারা বিরুদ্ধে আরো ১০-১২টি মামলা আছে।
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২১০৯ ঘ.
bdnews24