২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানি চেঞ্জারে হাতাহাতি: ডিবির ৩ সদস্য প্রত্যাহার

রাজধানীর মতিঝিলে বৃহস্পতিবার মানি চেঞ্জারের কর্মচারীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের হাতাহাতির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 02:54 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বৃহস্পতিবার মানি চেঞ্জারের কর্মচারীদের সঙ্গে গোয়েন্দা পুলিশের হাতাহাতির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেইসঙ্গে ঘটনায় সংশ্লিষ্ট ওই তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, মহানগর পুলিশ গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মীর শহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করেছে। কমিটির অপর দুই সদস্য হলেন- উপ-পুলিশ কমিশনার (পিওএম-উত্তর) মো. সায়েদুর রহমান ও উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন) মো. মোশাররফ হোছাইন। বৃহস্পতিবার বিকালে গোয়েন্দা পুলিশের এসি ইমাম মোহাম্মদ সাদিকের নেতৃত্বে সাদা পোশাকে ডিবির তিন সদস্য মতিঝিল ১১৫/১২০ আদমজী কোর্ট ভবনের তৃতীয় তলায় 'স্কয়ার মানি এক্সচেঞ্জে' যান। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ডাকাত ভেবে চিৎকার শুরু করেন। পরে অন্যান্য অফিসের লোকজন এসে তাদের ঘিরে ধরে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ দাবি করছে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এসআইটি/এইচএ/২০৪৭ ঘ.