২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জজদের লেনদেন নিয়ে উষ্মা প্রধান বিচারপতির

অনেক বিচারকের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগের প্রমাণ আছে জানিয়ে তাদের শাসিয়ে দিলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 12:59 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনেক বিচারকের বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগের প্রমাণ আছে জানিয়ে তাদের শাসিয়ে দিলেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্মেলনের সমাপনী দিনে প্রধান বিচারপতি অধীনস্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। খায়রুল হক বলেন, "আমার কাছে ইনফর্মেশন আছে, আপনাদের (জজ) অনেকে নাজিরের সঙ্গে টাকা-পয়সা লেনদেন করেন। এ নিয়ে অভিযোগ আছে। আমি নামও বলতে পারবো। কিন্তু আমি তা করবো না।" আদালত কর্মচারীদের (নাজির) কাছ থেকে টাকা নেওয়ার ধরন তুলে ধরে প্রধান বিচারপতি বলেন, "আপনারা বদলির সময় ডিমান্ড করেন, তোমরা তো আমাকে একটা কিছু দিবা। কোরআন শরিফ আর লাঠি না দিয়ে একটা ডিপ ফ্রিজ দিও।" "এ কাজটি করবেন না। নাজিরদের কাছ থেকে তোলা নেবেন না। নিম্ন পদস্থদের সঙ্গে নিজেদের ভালো-মন্দ শেয়ার করবেন না", বিচারকদের উদ্দেশে বলেন তিনি। দায়িত্ব পালনে জেলা জজদের আরো আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে খায়রুল হক বলেন, "বাংলাদেশের ১৬ কোটি মানুষ আমাদের নিয়োগ দিয়েছে। তারা আমাদের ওপর খুশি নয়। বিচার বিভাগ এখন কাঠগড়ায়। এই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। "উচ্চ থেকে নিম্ন পর্যন্ত আপনাদের কাজ, যোগ্যতা ও সততা নিয়ে জনগণ সন্তুষ্ট নয়। আপনারা এমনভাবে কাজ করুন, যাতে বাংলাদেশের জনগণ বিচার বিভাগের প্রতি আস্থা ফিরে পায়।" বিচারকদের বেতন-ভাতার বিষয়ে প্রধান বিচারপতি বলেন, "আপনাদের আমরা উপযুক্ত বেতন দিতে পারি না। কিন্তু একটি ন্যায়বিচার করলে আপনার সাতটি 'আকবরি হজের' সওয়াব পাবেন। নাই বা হলো গাড়ি-বাড়ি।" গত ২০ অক্টোবর ঢাকা জেলা জজ আদালত পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে খায়রুল হক বলেন, "সাধারণ পোশাকে ঢাকার জেলা জজ আদালতে গিয়ে যা দেখলাম, তা খুশি হওয়ার মতো নয়। প্রচণ্ড গরম, অন্ধকার ও নোংরা পরিবেশ। আদালতের ডাইরি ঠিক নেই। "সাড়ে ১২টার মধ্যে অনেক বিচারক এজলাস থেকে নেমে গেছেন। অনেক বিচারকের পোশাক ঠিক নেই। অনেকক্ষণ থেকেও আমি যুক্তিতর্ক বুঝিনি।" এক আদালতে মামলা বেশি থাকলে তা অন্য আদালতে পাঠিয়ে দিয়ে মামলাজট এড়ানোর পরামর্শ দেন প্রধান বিচারপতি। কর্মস্থলে পুরোপুরি মনোযোগ দিতে বিচারকদের প্রতি আহ্বান জানান খায়রুল হক। এজন্য নিজেদের পরিবারকে সঙ্গে রাখার পরামর্শ দেন তিনি। মামলার রায় এজলাসে বসে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শও দেন তিনি। গত ২২ অক্টোবর সুপ্রিম কোর্টে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এ সম্মেলন শুরু হয়। এ সম্মেলনে পর্যায়ক্রমে সহকারী জজ, সহকারী বিচারিক হাকিম, জ্যেষ্ঠ সহকারী জজ, জ্যেষ্ঠ বিচারিক হাকিম, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম, অতিরিক্ত জেলা জজ, মুখ্য বিচারিক হাকিম ও জেলা জজরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৫ ঘ.