২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের খোয়া যাওয়া ওয়াকিটকি উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে সন্ত্রাসীদের ছিনিয়ে নেওয়া ওয়াকিটকিটি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 09:08 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে সন্ত্রাসীদের ছিনিয়ে নেওয়া ওয়াকিটকিটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে শহরের মৌরাইল এলাকা থেকে পুলিশ ওয়াকিটকিটি উদ্ধার করে। বৃহস্পতিবার ভোরে এক অভিযানের সময় পুলিশের কাছ থেকে একটি শটগান এবং ওয়াকিটকিটি সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়েছিলো। শটগানটি এর আগে স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. হামিদুল ইসলাম জানান, শহরের দুর্ধর্ষ সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তার করার জন্যে সদর থানা পুলিশ বৃহস্পতিবার ভোররাতে উত্তর মৌড়াইল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল ইসলামের কাছ থেকে শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় সদর থানার কনস্টেবল গোলাম নবী ও নুরুজ্জামান আহত হয়। তাদেরকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শটগানটি উদ্ধার হওয়ার পর পুলিশ ওয়াকিটকির সন্ধাণে নামে। ওসি জানান, শুক্রবার সকাল ১১টার দিকে উত্তর মৌরাইলে পুকুরে ডুবুরি নামিয়ে ওয়াকিটকি উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মকবুল হোসেন, পুলিশ সুপার মোখলেছুর রহমান, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সঞ্জয় সরকার এ সময় উপস্থিত ছিলেন। ওসি মো. হামিদুল ইসলাম জানান, এ ঘটনায় এক মহিলাসহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে জনি (২৮), রনি (২৭), ইয়াসমিন (২০) ও হেলু (৩৫)। তাদের সবার বাড়ি শহরের উত্তর মৌরাইলে। তিনি জানান, ঘটনার মূল হোতা রবিনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আটককৃতদের মধ্যে রনি দাবি করেছে, সে আনন্দবাজারে মাংস ব্যবসায়ী। পুলিশ তাদেরকে অন্যায়ভাবে আটক করে বেধড়ক পিটিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৪৯ ঘ.