২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ-ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ২, সড়ক অবরোধ

সিরাজগঞ্জের কাজিপুর এবং ঝিনাইদহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক ছাত্র ও শ্যালোইঞ্জিন চালিত যান আলমসাধুর এক চালকের মৃত্যু হয়েছে। দুই ঘটনায়ই বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 08:19 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কাজিপুর এবং ঝিনাইদহ সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার এক ছাত্র ও শ্যালোইঞ্জিন চালিত যান আলমসাধুর এক চালকের মৃত্যু হয়েছে। দুই ঘটনায়ই বিক্ষুব্ধরা সড়ক অবরোধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সোনামুখী ইউনিয়নের রৌহবাড়ী মসজিদের কাছের ওই দুর্ঘটনার পর সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্র ও স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, নিহত সাব্বির হোসেন (১০) সোনামুখী দারুল উলুম জামিয়া কওমী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলো। কাজিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাব্বির মাদ্রাসার আরেক ছাত্র রুহুল আমিন (৯) এবং শিক্ষক মুফতী হাবিবুল্লাহর ছেলে মাসুদকে (৩) নিয়ে রৌহবাড়ী থেকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যাচ্ছিলো। তিনি বলেন, "পথে রৌহবাড়ী মসজিদের কাছে সিরাজগঞ্জ থেকে সোনামুখীগামী পালকি পরিবহনের একটি বাস তাদের সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাব্বির মারা যায় এবং রুহুল ও মাসুদ গুরুতর আহত হয়।" এসআই আজিজুর জানান, এ ঘটনায় মাদ্রাসার ছাত্র ও বিক্ষুদ্ধ জনতা পালকি ও আশীর্বাদ পরিবহনের দুটি বাসের গ্লাস ভাংচুর করে ও সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে স্থানীয় রায়হান, আবু সাইদ, আকতার হোসেন ও রুবেলের নেতৃত্বে পরিবহন শ্রমিকরা লাঠি নিয়ে মাদ্রাসায় হামলা চালিয়ে শিক্ষক-ছাত্রদের লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে সমঝোতা বৈঠক হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আজিজুর। নিহত সাব্বির বগুড়ার শেরপুর উপজেলার সাতারা গ্রামের আব্দুস ছালামের ছেলে। আহত রুহুল ধুনট উপজেলার চৌকীবাড়ী এলাকার মোজাম্মেলের ছেলে। তারা সোনামুখী ইউনিয়নের রৌহবাড়ী গ্রামে জায়গীর থেকে মাদ্রাসায় লেখাপড়া করতো। আহত মাসুদের বাড়ি সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ফুলকুচা গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ঝিনাইদহ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের পবহাটি মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত স্থানীয়রা পবহাটি মোড়ে সড়ক অবরোধ করে। পুলিশ জানিয়েছে, নিহত বশির আহমেদ (৪০) শহরের পবহাটি এলাকার হাবিবর রহমানের ছেলে। ঝিনাইদহ থানার ওসি সগির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বশির আহমেদ পবহাটি মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটর সাইকেল তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তিনি বলেন, "বশিরকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। পথে রাত সাড়ে ৩টার দিকে সাভারে তার মৃত্যু হয়।" স্থানীয়রা জানান, বশিরের মৃত্যুর খবরে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে গাছ ফেলে শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পবহাটি মোড়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ওসি সগির সড়ক অবরোধের ঘটনা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু লোক রাস্তায় জড়ো হয়েছিলো। আমরা যাওয়ার পর তারা চলে যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪১৪ ঘ.