মাদারীপুর, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের কালকিনিতে এক বাড়িতে হানা দিয়ে তিন জনকে আহত করে পালানোর সময় গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত।
শুক্রবার প্রথম প্রহরে কাজী বাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। ডাকাত দল ওই গ্রামের সুশীল বাড়ৈর বাড়িতে হানা দিয়েছিলো।
সোনার ব্যবসায়ী সুশীল সাংবাদিকদের বলেন, "রাত ২টার দিকে ১৫/২০ জন ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে। এরপর লোহার সিন্দুক ভেঙে ২১ ভরি স্বর্ণ, ২৫০ ভড়ি রুপা, ছয়টি মোবাইল সেট এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।"
ডাকাতিতে বাধা দেওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন সুশীল (৪০), জামিনি বাড়ৈ (৬৫) ও সুভাষ বাড়ৈ (২৫)। সুশীলের ভাই সুভাষকে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে তাকে পাঠানো হয়েছে।
ডাকাত দল পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে দুজনকে ধরে ফেলে বলে কালকিনি থানার ওসি রফিকুল ইসলাম জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনতার পিটুনিতে অজ্ঞাতনামা (৩০) এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। আহত অন্যজনকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বিষ্ণুপদের বাড়ি মাদারীপুর সদর উপজেলা পূর্ব রাস্তি গ্রামে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
একই রাতে শিবচর উপজেলায়ও একটি বাড়িতে ডাকাতি হয়েছে বলে স্থানীয়রা জানায়।
সন্ন্যাসীর চর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামে ঘরের জানালা কেটে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছলেমান হাওলাদারের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে আট ভরি সোনা, নগদ ৫০ হাজার টাকা এবং তিনটি মোবাইল সেট নিয়ে যায়।
তবে এ বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি। তবে ছলেমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.
bdnews24