২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ১২ ডাকাত গ্রেপ্তার

মহাসড়কে ডাকাতির সময় নারায়ণগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহাসড়কে ডাকাতির সময় নারায়ণগঞ্জে আন্তজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে রূপগঞ্জ উপজেলার পলখান এলাকায় এশিয়ান হাইওয়েতে (ঢাকা বাইপাস) ডাকাতির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনিবাসও আটক করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৩টায় একদল ডাকাত মহাসড়কে যানবাহন থামিয়ে ডাকাতি করছিলো। বিষয়টি জানার পর পুলিশ ও এলাকাবাসী ধাওয়া করে ১২ ডাকাতকে পাকড়াও করে। পালিয়ে যায় আরো কয়েকজন। এরা হলেন- হুমায়ুন কবির (৩৮), আব্দুল হক (৩৫), আব্দুল আলীম (৩০), নাজির হোসেন (২৪), আক্কাস আলী (৩২), লোকমান হোসেন (২৮), ইকবাল হোসেন ওরফে উজ্জল (৪০), রজব আলী (৩৬), জিললুর রহমান টুকু (৩৫), রুহুল আমিন ওরফে বাবু (৩৪) ও আসাদুল্যাহ (২৫)। ওসি বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলো। ডাকাতের কবলে পড়া রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার আল আমিন মিয়া জানান, ২০/২৫ জনের সশস্ত্র ডাকাতদল বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের কাছে থেকে টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় পাঁচলাখ টাকার মালামাল লুট করে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান ওসি ফোরকান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯৩৫ ঘ.