২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের শটগান ছিনতাই

আসামি ধরতে গিয়ে অস্ত্র খুইয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার এক পুলিশ কর্মকর্তা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 07:06 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামি ধরতে গিয়ে অস্ত্র খুইয়ে এসেছেন ব্রাহ্মণবাড়িয়ার এক পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার ভোররাতে জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। পুলিশের ওপর হামলায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সদর থানায় কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাতে উত্তর মৌড়াইলে আসামি গ্রেপ্তারে এক অভিযানে যায় পুলিশের একটি দল। ওই সময় সন্ত্রাসীরা পুলিশকে মারধর করে এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউলের কাছ থেকে শটগান ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। পুলিশ সদর থানার উপ-পরিদর্শক মো. ফেরদৌস হাসান অস্ত্র লুটের কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লুণ্ঠিত অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধারে অভিযান চলছে। সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ধর্ষ সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তারে জন্য ওই এলাকায় গিয়েছিলো পুলিশ।" সন্ত্রাসী হামলায় কনস্টেবল গোলাম নবী ও মোহাম্মদ নূরুজ্জামান আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি বলেন, পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে এক মহিলাসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- জনি (২৮), রনি (২৭), ইয়াসমিন (২০) ও হেলু (৩৫)। তাদের সবার বাড়ি উত্তর মৌড়াইলে। রনি সাংবাদিকদের জানিয়েছেন, তিনি মাংস ব্যবসা করেন। পুলিশ তাদের 'অন্যায়ভাবে' আটক করে বেধড়ক পিটিয়েছে। তবে সে অভিযোগ স্বীকার করেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০০ ঘ.