ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর স্থগিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ৯ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠানের আগের দিন রংপুরের গঙ্গাচড়ায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬৮ জন শিক্ষক ও বহিরাগত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গত ৭ এপ্রিল শিক্ষক নিয়োগের সার্কুলার জারি করা হয়েছিল।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমানুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার তিন সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। পরীক্ষা শুরুর আগ মুহূর্তে যে কোনো একটি সেটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। যাতে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা আর না ঘটে।
তিনি আরো বলেন, লিখিত পরীক্ষার পর খুব কম সময়ের মধ্যেই মৌখিক পরীক্ষা গ্রহণ করে ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। শিক্ষকরা যেন জানুয়ারির শুরু থেকেই ক্লাশ শুরু করতে পারেন সেজন্য এই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া বেশ কিছু বিদ্যালয়ে এবার ডাবল শিফট চালু হচ্ছে বলে এ প্রক্রিয়া ডিসেম্বরের মধ্যেই শেষ করা বলে জানান অধ্যাপক নোমানুর রশীদ।
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১,৯৬৮টি পদের বিপরীতে আবেদন পরেন এক লাখ ৩২ হাজার ২৯৯ জন প্রার্থী।
সভায় সভাপতিত্ব করেন শিক্ষা সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী।
মাউশি'র মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কেএম মোজাম্মেল হক, মাউশি'র পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক দীপক কুমার নাগ, বিজি প্রেসের পরিচালক (প্রশাসন) আবুল কাসেম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/
bdnews24