২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

ঈদ বোনাস ও মজুরিসহ বিভিন্ন দাবিতে সাভারের চারটি পোশাক কারখানায় বুধবার শ্রমিক বিক্ষোভ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সাভার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ বোনাস ও মজুরিসহ বিভিন্ন দাবিতে সাভারের চারটি পোশাক কারখানায় বুধবার শ্রমিক বিক্ষোভ হয়েছে। এর মধ্যে দু'টি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-বাইপাইল সড়ক অবরোধ করে। অপর দু'টি কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছে। কাখানাগুলো হলো- আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লি., জিরাবো এলাকার এজাজ সুয়েটারস লি., কবিরপুর এলাকার ত্ব-হা টেক্সটাইল লি. ও পলাশবাড়ী এলাকার পূবালী এইচ আর এস ফ্যাশন নিটওয়ার লিমিটেড। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পূবালী এইচ আর এস ফ্যাশন নিটওয়ার লি. নামের পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া এক মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে দুপুরে কারখানার ভিতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে প্রায় পাঁচশ' শ্রমিক কারখানা থেকে বের হয়ে দুপুর দেড়টার দিকে পাশের নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়ী এলাকায় অবরোধ দেয়। প্রায় আধঘণ্টার অবরোধে সড়কে ব্যাপক যানজট হয়। পরে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। বিকাল ৩টার দিকে কবিরপুর এলাকার ত্ব-হা টেক্সটাইল লিমিটেড কারখানার প্রায় তিন হাজার শ্রমিক বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। সোয়া ৩নটা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজট হয়। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নিলে বিকাল পৌনে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ত্ব-হা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা জানায়, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের টাকা সকালে দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তাদের পাওনা না দিয়ে পরে দেওয়ার কথা বলে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তবে কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) এটিএম মোস্তফা জানান, শ্রমিকরা শুধু গত মাসের (অক্টোবর মাস) বেতন পাবে। আর সিনিয়র স্টাফরা দুই মাসের বেতন পাবে। তিনি বলেন, শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করে দেওয়া হবে। অক্টোবর মাসের বেতন-ভাতা বৃহস্পতিবার পরিশোধ করা হবে। এছাড়া চলতি মাসের ১০ দিনের বেতন ও ঈদ বোনাস আগামী ১৪ তারিখ পরিশোধ করা হবে। জামগড়া এলাকার এস-সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় আড়াই হাজার শ্রমিক বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মত সকাল থেকে দিনভর কর্মবিরতী পালন করেছে। বিকাল পর্যন্ত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কোনো সমঝোতা না হওয়ায় বিকাল ৫টার পর শ্রমিকরা বাড়ি চলে যায়। জিরাবো এলাকার এজাজ সুয়েটার কারখানার শ্রমিকরা ঈদ বোনাস, পিসরেট বৃদ্ধির দাবিতে সকাল থেকেই দিনভর শনন্তপূর্ণ কর্মবিরতি পালন করেছে। পুলিশ কর্মকর্তা আরো জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কারখানাগুলোর সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.