২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন

প্রায় এক সপ্তাহ ধরে উপাচার্যহীন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। এতে প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

চট্টগ্রাম, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় এক সপ্তাহ ধরে উপাচার্যহীন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)। এতে প্রশাসনিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। গত ৪ নভেম্বর সাবেক উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যা পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। সিভাসুর কোষাধ্যক্ষ অধ্যাপক চৌধুরী আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত এক সপ্তাহ ধরে উপাচার্য পদ খালি। বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে আমি দায়িত্ব পালন করছি। তবে কোন ধরণের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। সিভাসুর জনসংযোগ শাখার উপ-পরিচালক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে গত ৪ নভেম্বর কোষাধ্যক্ষ অধ্যাপক চৌধুরী আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হলেও তা ৭ নভেম্বর বিকালে বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে। ৮ নভেম্বর আরেক আদেশে আগের আদেশটি বাতিল করে দেওয়া হয় উল্লেখ করে তিনি জানান, এখন বিশ্ববিদ্যালয়ে কার্যত কোনো উপাচার্য নেই। খলিলুর রহমান জানান, দুটি আদেশই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়) হোসনে আরা বেগম স্বাক্ষরিত। এদিকে, সদ্য দায়িত্ব ছেড়ে দেওয়া উপাচার্য নীতিশ চন্দ্রের পদত্যাগের দাবিতে ছাত্রলীগের ডাকা লাগাতার ক্লাশ ও পরীক্ষা বর্জন কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ে গত দুই মাসে কোন ক্লাশ ও পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। গত ২৮ অগাস্ট শৃঙ্খলাভঙ্গের দায়ে সিভাসু শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদারসহ নয়জনকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৯ অগাস্ট থেকে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচি পালন শুরু করে ছাত্রলীগ। ঈদুল ফিতরের বন্ধের পর গত ২৬ সেপ্টেম্বর থেকে সাবেক উপাচার্য ড. নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি প্রত্যাহারের দাবিতে লাগাতর ক্লাশও পরীক্ষা বর্জনের ডাক দেয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জানান, ছাত্রলীগের কর্মসূচীর কারণে গত দুই মাসে কোনো পরীক্ষা হয়নি। পাশাপাশি ক্লাশ নিতে শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা আসে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০৫৪ ঘ.