ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত ভ্রমণব্যয়কে বিলাস হিসেবে অভিহিত করে অসন্তোষ প্রকাশ করেছে সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এ খাতে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা এক বছরে এক কোটি ৩০ লাখ টাকা ব্যয় করায় স্থায়ী কমিটি অসন্তোষ প্রকাশ করেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কমিটির সদস্য মইন উদ্দীন খান বাদল।
স্থায়ী কমিটির বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি।
তিনি জানান, একই সঙ্গে বিআইডব্লিউটিএ'র জন্য ড্রেজার কেনার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। বিআইডব্লিউটিএ'র কর্মকর্তারা এক বছরে ভ্রমণে এক কোটি ৩০ লাখ টাকা ব্যয় করেছেন যা কমিটির কাছে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি।
এ বিষয়ে বৈঠকে বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে জানানো হয়- দাপ্তরিক ভ্রমণ, আন্তর্জাতিক প্রদর্শনী পরিদর্শন বা কর্মশালায় অংশগ্রহণ ও ড্রেজারসহ অন্য নৌ-সামগ্রী ক্রয়ের জন্য দফায় দফায় বিদেশ গমনে এই অর্থ ব্যয় করেছেন কর্মকর্তারা।
মইন উদ্দীন খান বলেন, "তবু আমরা মনে করি এ ব্যয় মাত্রাতিরিক্ত ও বিলাসী। একটি সেবামূলক প্রতিষ্ঠানে শুধু ভ্রমণ বাবদ এত টাকা খরচ মোটেই সন্সোষজনক নয়। এই ভ্রমণব্যয়ে উই আর নট হ্যাপী।"
কুয়েথ থেকে ড্রেজার আসছে
৭৫ সাল পর্যন্ত দেশে মাত্র পাঁচটি ড্রেজার কেনা হয় জানিয়ে স্থায়ী কমিটির সদস্য মইন উদ্দীন খান জানান, এরপর আর কোনো সরকারের আমলে ড্রেজার কেনা হয়নি। ইতিমধ্যে বিআইডব্লিউটিএ ড্রেজিংয়ের জন্য ৫৩টি রুট ঠিক করেছে।
সরকারি-বেসরকারি ১৬টি ড্রেজার দিয়ে এসব রুটে ড্রেজিংয়ের কাজ শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, "শিগগির কুয়েত থেকে চারটি ড্রেজার আসছে এবং বিআইডব্লিউটিএ আরো ১০টি ড্রেজার কিনতে সরকারের কাছে অনুমোদন চেয়েছে।"
কমিটির আগামী বৈঠকে বাংলাদেশের সব নদীর নাব্যতা, গতি-প্রকৃতিসহ ড্রেজিং বিষয়ে বিস্তারিত পরিকল্পনা বিআইডব্লিউটিএকে উপস্থাপন করতে বলা হয়েছে বলে জানান তিনি।
এর আগে প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, বৈঠকে বিআইডব্লিউটিএ-কে নদীর ঘাট রক্ষণাবেক্ষণ কাজ ঠিকভাবে করতে বলা হয়েছে। সেইসঙ্গে আগামীতে ড্রেজার কেনায় স্বচ্ছতা নিশ্চিত করতে বলা হয়েছে।
গত তিন বছরের আয়-ব্যয় সংক্রান্ত আর্থিক প্রতিবেদন, সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন, উন্নয়ন কার্যক্রম ও পরিকল্পনা, অডিট আপত্তির প্রতিবেদনসহ সংস্থাটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে।
বিআইডব্লিউটিএ'র গত ১৬ বছরের অডিট আপত্তিগুলো অনিষ্পন্ন থাকায় অসন্তোষ প্রকাশ কর কমিটি। আগামী তিন মাসের মধ্যে সব অনিষ্পন্ন অডিট আপত্তি নিষ্পত্তির সুপারিশ করে কমিটি।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন কমিটির সদস্য টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, বীরেন শিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১৩ ঘ.
bdnews24