ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় অজ্ঞানপার্টির এক নারী সদস্যসহ ৩জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বংশাল থানার উপ পরিদর্শক মীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরিয়তপুর থেকে আসা টাইলস্ মিস্ত্রি জামালউদ্দিনকে (৪০) আচার খাইয়ে অজ্ঞান করে ফেলে অজ্ঞান পার্টির সদস্যরা।
এরপর তারা জামালউদ্দিনের ব্যাগে হাত দিলে বাসষ্ট্যান্ডে গাড়িচালক ও হেলপারদের সন্দেহ হয়। একপর্যায়ে তারা অজ্ঞানপার্টির সদস্য নুরজাহান বেগম (৪০), হাবিব (২৫) ও সবুজকে হাতেনাতে ধরে ফেলে। এরপর জনতা তাদেরকে গণপিটুনি দেয়।
পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জামালউদ্দিনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৭৪৫ ঘ.
bdnews24