২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিবিরের আরো ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিবের আরো ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সিলেট, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানী মেডিকেল কলেজে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিবের আরো ১৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবারের ওই ঘটনায় এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৬৫। পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে মঙ্গলবার র‌্যাবের হাতে গ্রেপ্তার ১৩ জনকে বুধবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে। নতুন করে গ্রেপ্তার হওয়াদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা শিবিরের ১০ জন রয়েছে। এরা হলো- বাহারুল ইসলাম, ওয়াহিদুল ইসলাম, মাহমুদ, সায়েম আল মাসুম, নূরুল ইসলাম, জাকির, মিজান, সানাউল্লাহ সানি, মাসুদ ও ইসলাম উদ্দিন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন গ্রেপ্তারকৃতদের পুলিশের উপর হামলা ও ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।" সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি কার্যক্রম চলাকালে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষে পুলিশসহ ২৫ জন আহত হয়। সংঘর্ষের পর সোমবার ওসমানী মেডিকেল কলেজ এলাকা থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে ও মঙ্গলবার দুপুরে নগরীর বিভিন্ন স্থান থেকে র‌্যাব ও পুলিশ আরো ৪১ জনকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৭৩৮ ঘ.