২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাওরাঞ্চলে ফসলহানী রোধের ব্যবস্থা হবে'

আগামী বোরো মৌসুমে যেন হাওর এলাকায় অকাল বন্যায় ফসলহানী নাহয় সে লক্ষ্যে সরকার সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

সুনামগঞ্জ, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বোরো মৌসুমে যেন হাওর এলাকায় অকাল বন্যায় ফসলহানী নাহয় সে লক্ষ্যে সরকার সব পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক কৃষক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "বোরো মৌসুমে স্থায়ী বেরি বাধ, বেরি বাধ সংরক্ষণ, সংস্কার, পুনঃনির্মাণ যথাসময়ে করা হবে। হাওর উন্নয়ন বোর্ডকে হাওরের উন্নয়নে কাজে লাগানো হবে।" "এই সরকারের আমলে দেশের একজন মানুষও না খেয়ে মরবে না," উল্লেখ করে হাসিনা বলেন, "২০২১ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে।" সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে হাওর এলাকায় বোরো মৌসুমে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ৪০ জন কৃষককে মধ্যে বীজ ও সার দেন প্রধানমন্ত্রী। এরপর এক কৃষক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সিলেট-সুনামগঞ্জ আন্তঃজেলা সড়ক মহাসড়কে উন্নীত করা, পাগলা-আউশআন্দি-ঢাকা সহাসড়ক দ্রুত নির্মাণ, জেলার সব উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ৫০ শয্যায় উন্নীত করা, ট্যাকেরঘাটে সিমেন্ট কারখানা এবং তাহিরপুরের বৌলাই, যাদুকাটা, রক্তি, পাটলাই নদী খনন, বারেকের টিলা, টাঙ্গুয়ার হাওর নিয়ে ৫০ কোটি টাকা ব্যয়ে পর্যটন এলাকা তৈরির ঘোষণও দেন। তিনি জানান, দেশের মানুষ যেন ভাল থাকে সে ধরনের সব ব্যবস্থাই সরকার নিচ্ছে। বর্তমান সরকার বন্ধ হওয়া বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছে। দেশে প্রতি ছয় হাজার মানুষের জন্য একটি ক্লিনিক চালু করা হবে। প্রধানমন্ত্রী বলেন, হাওর এলাকায় যেখানে প্রাথমকি বিদ্যালয় নেই সেখানে দ্রুত প্রাথমকি বিদ্যালয় নির্মান করা হবে। হাওর এলাকায় এলাকায় শিক্ষার উন্নয়নে নজর দেবে সরকার। "গোপালগঞ্জ-সুনামগঞ্জ তার আত্মার আত্মীয়," মন্তব্য করে হাসিনা বলেন, " গোপালগঞ্জের উন্নয়ন করা হলে দেশের অন্য জেলারও উন্নয়ন করা হবে।" সুনামগঞ্জ ১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন সমাবেশে জানান, অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওর এলাকার ২ লাখ ৫ হাজার কৃষককে ২৫ কোটি ৮২ লাখ টাকা সহায়তা দেওয়া হবে। প্রত্যেক কৃষক ১০ কেজি বীজ (ধান), ২৫ কেজি ইউরিয়া সার, সাড়ে ১২ কেজি টিএসপি সার, সাড়ে ১২ কেজি এমওপি সার পাবেন। বোরো মৌসুমে এ সহায়তা কার্যক্রম চলবে। কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অথর্মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুনামগঞ্জ ২ আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ মতিউর রহমান, সুনামগঞ্জে জেলা প্রশাসক ফয়জুর রহমান, কৃষক রঞ্জু মুখার্জি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৮০৬ ঘ.