ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে জলবিদ্যুৎ প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্যের গভর্নর।
একইসঙ্গে তিনি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যের গভর্নর থিওডোর আর কলোনগস্কির সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের একথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রের সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কলোনগস্কি।
যুক্তরাষ্ট্রের ওরিগন অঙ্গরাজ্য বর্তমানে জলবিদ্যুতের জন্য সুপরিচিত। রাজ্যের বিদ্যুতের প্রায় পুরোটাই জলবিদ্যুতের মাধ্যমে পূরণ করা হয়।
বৈঠক শেষে কলোনগস্কি সাংবাদিকদের বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। এতে আমাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার হবে।"
তিনি বলেন, "বাংলাদেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশকে প্রশিক্ষণ দিতে আমরা আগ্রহী। এজন্য ইতিমধ্যেই স্টেট পার্টনারশিপ প্রোগ্রামের (এসপিপি) আওতায় কাজ হচ্ছে এবং তা আরো জোরদার করা হবে।"
যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি জানান, চুক্তির আওতায় তারা সামরিক খাতে প্রশিক্ষণের কাজ করছেন। ভবিষ্যতে বেসামরিক খাতেও এ প্রশিক্ষণ দেওয়া হবে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আলোচনায় জঙ্গিবাদ, সন্ত্রাস এবং নারী ও শিশু পাচারের বিষয়টি স্থান পেয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের ভূমিকায় তারা সন্তোষ প্রকাশ করেছে। নারী ও শিশু পাচারের ক্ষেত্রেও আমাদের অগ্রগতিকে ইতিবাচক বলেছেন তারা।"
সাহারা জানান, বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশের উদ্যোগের বিষয়েও তাদের অবহিত করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রতিনিধিদলের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৬০৪ ঘ.
bdnews24