সাভার, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় গেঞ্জির কাপড় তৈরির একটি নতুন কারখানায় ডাকাতের হামলায় নৈশ প্রহরীসহ ছয়জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার কবিরপুর এলাকায় অবস্থিত কনফিডেন্স নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কারখানায় এ ঘটনা ঘটে।
একই রাতে সাভারের মধ্য রাজাশনের এক বাসায় ডাকাতি করে পালানোর সময় স্থানীয়দের পিটুনিতে দুইজন নিহত হয়েছে।
রাজধানী ঢাকার কাছে সাভার উপজেলায় এর আগে গত ১, ৪ ও ৬ নভেম্বর ডাকাতি হয়। এসব ঘটনায় ডাকাতদের হামলায় শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
কনফিডেন্স নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃপক্ষ দাবি করছে, তাদের কারখানা থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
কারখানার আহত নৈশ্য প্রহরী সাইদুর রহমান, আনসার আলী ও আবুল কালাম আজাদ এবং শ্রমিক রুবেল মিয়া, ফেরদৌস হোসাইন ও মশিউর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ২০-২৫ জনের ডাকাত দল কারখানার সীমানা প্রাচীর ডিঙিয়ে ভেতরে ঢোকে। পরে তারা কারখানার তিন প্রহরীকে ধরে হাত পা বাধার চেষ্টা চালায়।
তিনি বলেন, "এ সময় নৈশ প্রহরীদের চিৎকারে কারখানার ভেতরে থাকা তিন শ্রমিক এগিয়ে যায়। তখন ডাকাতরা তাদের সবার হাত-পা ও মুখ বেধে মারধর শুরু করে।
"এক পর্যায়ে ডাকাতরা সুতা, গেঞ্জির কাপড়, মেশিনের খুচড়া পার্টসসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। ঘণ্টা খানেক পরে ডাকাতরা প্রধান ফটক খুলে তাদের নিতে আসা ট্রাক ও পিকআপ ভ্যানে পালিয়ে যায়।"
মাস দেড়েক আগে কারখানাটি চালু করা হয় বলেও তিনি জানান।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান কউশিক আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় দস্যুতা আইনে একটি মামলা করা হবে।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৪১০ ঘ.
bdnews24