গাইবান্ধা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘাতে নারীসহ ৫০ জনের বেশি আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের যমুনা নদীর চর খাটিয়ামারী গ্রামে মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলছড়ি থানার ওসি আব্বাস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে গুরুতর আহত আনোয়ারুল হক (২৫), হারুন রশিদ (২৬), শামছুল হক (৭০), মিনু আখতার (১৫), দেবাজু মিয়া (৩৫), মমতা বেগম (২৫), শাহজাহান (১৫), মনোয়ারা বেগম (২৪), ইছাহাক মিয়া (৩৬), সেরাজুল হক (৪০), হাসেম আলী (৫০), সিরাজুল হক (৫২), গোলাম আজম (২৮) ও নান্দু প্রামাণিককে (৪৫) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যরা স্থানীয়ভাবে পাথমিক চিকিৎসা নিয়েছেন।
ফজলুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল জানান, খাটিয়ামারি গ্রামের শামছুল হক প্রামাণিকের সঙ্গে একই গ্রামের বেরাজ উদ্দিনের (মহির) মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ৬ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শামছুল হক প্রামাণিকের বাড়ি সংলগ্ন বিরোধপূর্ণ ওই জায়গায় মহিরের লোকজন লাঠিসহ দেশি অস্ত্র নিয়ে ঘরবাড়ি নির্মাণ করতে যায়। তখন শামছুল হক প্রামানিকের লোকেরা তাতে বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষের সংঘাত বাধে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।"
এ ঘটনায় বুধবার দুপুর ১২টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি বলেও জানান ওসি আব্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২০ ঘ.
bdnews24