খুলনা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নছিমন, করিমন ও ভটভটিসহ শ্যালো-ইঞ্জিন চালিত যানবাহন বন্ধের দাবিতে খুলনার ১৪টি রুটে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘট পালন করছে মটর শ্রমিক ইউনিয়ন।
ওদিকে দাবি পূরণ না হওয়ায় তারা বুধবার থেকে আরো ৪টি রুটে ধর্মঘট শুরু করেছে।
ঈদুল আযহার প্রাক্কালের অনির্দিষ্টকালের এ ধর্মঘটের কারণে খুলনার বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে।
সোমবার রাতে খুলনায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি নছিমনের সংঘর্ষের জের ধরে খুলনা মটর শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয়।
মঙ্গলবার নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, সাতক্ষীরা, কালিগঞ্জ, শ্যামনগর, মুন্সিগঞ্জসহ ১৪টি রুটে কোনো বাস ছাড়েনি। বুধবার নতুন চারটি রুটসহ মোট ১৮টি রুটে পরিবহন ধর্মঘট পালিত হচ্ছে।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব সাংবাদিকদের জানান, নছিমন, করিমন ও ভটভটিসহ স্যালো-ইঞ্জিন চালিত যানবাহন বন্ধের দাবিতে খুলনার ১৪টি রুটে মঙ্গলবার অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। বুধবার খুলনা-ঢাকা ও খুলনা-যশোরসহ ৪টি রুটে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়।
তিনি অভিযোগ করেন, এসব রুটে নছিমন, করিমন, ভটভটিসহ স্যালো-ইঞ্জিন চালিত যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একাধিকবার এ ব্যাপারে প্রশাসনকে জানানো হলেও প্রতিকার হয়নি।
খুলনার ঈগল পরিবহন কাউন্টারের ব্যবস্থাপক শাহবুদ্দিন আহমেদ বাবু জানান, পরিবহন ধর্মঘটের কারণে বুধবার খুলনা থেকে ঢাকার উদ্দেশে কোনো পরিবহনের বাস ছেড়ে যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) মো. আলীমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘট প্রত্যাহারে শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে যোগাযোগ চলছে। তবে এখনও কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩২০ ঘ.
bdnews24