ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যবই সরবরাহে পরিবহন জটিলতা এড়াতে পাঠ্যবই বহনকারী ট্রাকে লাল কাপড়ের ব্যানার লাগানোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এছাড়া ঈদের সময় বইবাহী ট্রাক মাওয়া, আরিচা ও লক্ষ্মীপুর ফেরীঘাটে যেন অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের সুযোগ পায় তা নিশ্চিতেরও নির্দেশ দেনে তিনি।
মঙ্গলবার মন্ত্রী আকস্মিকভাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে এ সংক্রান্ত অগ্রগতি দেখতে গিয়ে এ নির্দেশ দেন।
এ সময় তিনি কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে বলেন, "শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের কাছে পাঠ্যবই পৌঁছাতে দেরি হলে সংশ্লিষ্ট কেউ এর দায় এড়াতে পারবে না। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
নাহিদ পাঠ্যবই ছাপার প্রেস এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা নিতেও বলেন।
এছাড়া বই ছাপানো ও সরবরাহের সব কাজ সময়মতো শেষ করতে এনসিটিবি কর্তৃপক্ষকে নির্দেশ দেন মন্ত্রী।
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামাল উদ্দিন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব কেএম মোজাম্মেল হক, এনসিটিবি'র মনিটরিংয়ের দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/বিসিএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24