ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের ট্রানজিট নিয়ে 'বাড়াবাড়ি' না করতে বলেছেন বিরোধী দলকে।
তিনি বলেন, "ফি ছাড়া আমরা কাউকে ট্রানজিট দেবো না। সেজন্য এসব নিয়ে বাড়াবাড়ি করে দেশের ক্ষতি করবেন না।"
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নূর হোসেন সংসদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের একথা বলেন।
বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া প্রসঙ্গে কাদের বলেন, "বিএনপি ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার বাড়ির বরাদ্দ বাতিল করে সেখানে থানা উদ্বোধন করেছে। আমরা সেটা ভুলে যাইনি।
"আদালত ও রাজপথ একসঙ্গে চলেনা। আপনারা রাজপথের কথা চিন্তা করলে সেদিন আদালতে গেলেন কেন। আর আদালতেই যখন গেলেন, তাহলে আদালতের রায় মেনে নিচ্ছেন না কেন?"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বিরোধীদলকে সংসদের আগামী অধিবেশনে যোগ দেওয়ারও আহবান জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২৩৫৫ ঘ.
bdnews24