২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাবা হত্যা করেছে মেয়েকে'

চাচাত ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার অভিযোগ আনা হয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার আবুল হোসেনের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 04:30 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

সিরাজগঞ্জ, নভেম্বর ০৯ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- চাচাত ভাইকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে হত্যার অভিযোগ আনা হয়েছে সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার আবুল হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার আবুল হোসেন ও তার ভাই খলিলুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) সাক্ষ্য দিতে এলে তাদের আটক করে আদালতে পাঠানো হয়। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার আলোকদিয়ার গ্রামে গত বছরের ১১ নভেম্বর আছিয়া খাতুন (৬) খুন হয়। পরদিন তার বাবা আবুল হোসেন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে প্রথমে সলঙ্গা থানায় মামলা করেন। পরে তার মা বাদী হয়ে সিরাজগঞ্জ আদালতে সাত জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। মামলা দু'টির তদন্ত চলার এক পর্যায়ে বাদীরা তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ করলে পুলিশ সুপারিনটেনডেন্টের নির্দেশে মামলাটি ডিবিতে স্থানান্তর হয়। সকালে মামলার বাদী আবুল হোসেন ও সাক্ষী খলিলুর রহমান সাক্ষ্য দেওয়ার জন্য ডিবি কার্যালয়ে যান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশের সন্দেহ হলে তাদের ৫৪ ধারায় আটক করে আদালতে হাজির করা হয়। ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করলে তাদের জেলহাজতে পাঠানো হয়। ডিবি কর্মকর্তা আরো বলেন, জমি সংক্রান্ত বিষয়ে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধের জেরে তাদের ফাঁসাতে নিজেরাই শিশুটিকে গলাটিপে হত্যা করেছে বলে তারা স্বীকার করেছে। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৫ ঘ.