২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাকে মারধর

বগুড়া শহরে মাদক দ্রব্য উদ্ধার অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাসহ পাঁচজনকে মারধর করেছে এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 04:18 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

বগুড়া, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরে মাদক দ্রব্য উদ্ধার অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তাসহ পাঁচজনকে মারধর করেছে এলাকাবাসী। এলাকাবাসী তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এনেছে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মানজুরুল ইসলাম বলেন, কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পশ্চিম বৃন্দাবন পাড়ায় আব্দুর রশিদের বাসায় অভিযানের সময় এ ঘটনা ঘটে। মারধরের শিকার পাঁচজন হলেন- মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর সার্কেলের পরিদর্শক আব্দুল মজিদ, অধিপ্তরের সিপাহী এনায়েতুর হক, মোহাম্মদ হোসেন, সাইফুল ইসলাম ও সিএনজি অটোরিকশাচালক নজরুল ইসলাম। বাসার মালিক আব্দুর রশিদ তাদের বিরুদ্ধে অর্থ ও গহনা লুটের অভিযোগ করেন। তবে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্র্তা আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তল্লাশির সময় রশিদের বাসার স্টিলের আলমারির তলায় হেরোইন সদৃশ বস্তুসহ একটি প্যাকেট পাওয়া যায়।" তিনি জানান, এ সময় রশিদ ও তার স্ত্রী আরজু আরা বেগম লুটপাটের কথা বলে চিৎকার করে আশপাশের লোকজন ডাকতে শুরু করেন। লোকজন এসে তাদের মারধর শুরু করে ও সিএনজি অটোরিকশাটি ভাংচুর করে। তবে আব্দুর রশিদ সাংাবাদিকদের বলেন, "আমাদেরকে হেরোইন ব্যবসায়ী বলে তারা ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে। তাই এলাকার লোকজন তাদেরকে আটক করে।" এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। বগুড়া সদর থানার ওসি খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে আব্দুল মজিদ ও তার লোকজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তাদের কাছে কোনো প্যাকেট, টাকা কিংবা গহনা পাওয়া যায়নি।" এ ব্যাপারে মামলা হলে তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২১৩ ঘ.