ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ নভেম্বর বুধবার শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা অবরোধ কর্মসূচিতে রাজধানীর কেন্দ্র তৎকালীন জিরো পয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন যুবলীগকর্মী নূর হোসেন।
বুকে-পিঠে 'স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক'- স্লোগান লিখে মিছিলে শামিল হয়েছিলেন তিনি।
তারপর থেকে ১০ নভেম্বর পালিত হচ্ছে নূর হোসেন দিবস হিসেবে। আর জিরো পয়েন্টের নামকরণও হয়েছে নূর হোসেন চত্বর। নূর হোসেনের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্র হয়। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নূর হোসেনের অবদানের কথা তুলে ধরে বলেছেন, নূর হোসেনের মতো সাহসী মানুষ যতদিন বেঁচে থাকবে, ততদিন এদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে না।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "মিছিলের পুরোভাগে থাকা এই অকুতোভয় যোদ্ধা অসা
bdnews24