২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ইউপি সদস্যকে অপহরণের অভিযোগ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

রাঙামাটি, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বিলাইছড়ি উপজেলার এক ইউনিয়ন পরিষদ সদস্যকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যরা তাকে অপহরণ করেছে বলে অভিযোগ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)। তবে জেএসএস এই অভিযোগ অস্বীকার করেছে। মঙ্গলবার ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের নেতা সোনামণি চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। তবে জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মাসুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউপি সদস্য অপহরণের কোনো ঘটনা তাদের জানা নেই। বিবৃতিতে ইউপিডিএফ দাবি করেছে, সোমবার রাত ৮টার দিকে উপজেলার কাঙারাছড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য সুগন্ধী ভূষণ চাকমাকে (৪৮) কেরেঙছড়ি গ্রামের বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় জেএসএস'র ৭-৮ জন সদস্যের একটি দল। এ সময় তারা ধুপচর ও শালবন এলাকার স্থানীয় লোকজনের কাছ থেকে ১০টি মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়। বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুগন্ধী ভূষণকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়। জেএসএস-এর তথ্য ও প্রচার বিষয়ক সহ-সম্পাদক সজীব চাকমার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, জেএসএস গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। ইউপি সদস্য অপহরণের সঙ্গে জড়িত থাকার প্রশ্নই উঠে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৩০ ঘ.