২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সেতু ভেঙে যোগাযোগ বন্ধ

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে বেইলি সেতু ভেঙে কয়েকটি উপজেলার সঙ্গে জেলা ও অন্যান স্থানের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2010, 10:46 AM

Updated : 25 Aug 2022, 07:35 PM

নেত্রকোনা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে বেইলি সেতু ভেঙে কয়েকটি উপজেলার সঙ্গে জেলা ও অন্যান স্থানের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পণ্যবাহী দুটি ট্রাক পার হওয়ার সময় নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় ধনাইখালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি মঙ্গলবার সকাল ৮টার দিকে ভেঙে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বলেছেন, অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে সেতুটি ভেঙ্গে পড়েছে। এর ফলে জেলার বারহাট্টা, মোহনগঞ্জ, কলমাকান্দা, খালিয়াজুরী ও পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে এসব এলাকার মানুষ। নেত্রকোনা মডেল থানার ওসি এ কে এম কাউসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নেত্রকোনা থেকে মোহনগঞ্জগামী চিনি ও রড বোঝাই ট্রাক দুটি সকালে ঝুকিপূর্ণ সেতুটি পার হচ্ছিলো। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটির পণ্য উদ্ধারে কাজ করছে বলে জানান তিনি। এলাকাবাসী জানায়, ১৯৯১ সালে ধনাইখালী নদীর ওপর পাকা সেতু নির্মাণের অনুমোদন থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান বেইলি সেতু নির্মাণ করে। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সড়ক ও জনপথ বিভাগ আবার সেতু নির্মাণের জন্য দরপত্র আহবান করে। প্রায় এক বছর আগে কার্যাদেশ দেওয়া হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সেতু ভাঙার অনুমোদন না পাওয়ায় নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৬৪৯ ঘ.