নাটোর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
এরা হলেন-আশরাফুল ইসলাম ওরফে মিঠু (২৫), মো. বাদশা (২৮) ও লুৎফর রহমান (৩১)।
নাটোর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেরেবাংলা নগর থানা পুলিশের সহায়তায় আসামিদের মঙ্গলবার ভোর চারটার দিকে নাটোর সদর থানায় নিয়ে আসা হয়।
এরপর তাদেরকে দুপুরে বড়াইগ্রাম জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর শেরেবাংলা নগর থেকে তিনজনকে গ্রেপ্তার করে।
পুলিশ বলেছে, এরা সবাই যুবলীগ কর্মী। মামালার এজাহারে এদের নাম রয়েছে। তাদের সবার বাড়ি বড়াইগ্রাম উপজেলার মহিষডাঙ্গা গ্রামে।
গত ৮ অক্টোবর সকালে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে দলের স্থানীয় নেতা ও উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এই মামলায় এর আগে রাসেল নামের ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৭ ঘ.
bdnews24