ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যাকাণ্ডের পুনর্বিচারের জন্য সর্বোচ্চ আদালতে করা আপিল আবেদনের শুনানির জন্য জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হককে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় রাষ্ট্রপক্ষে কৌঁসুলি নিয়োগ করেছে সরকার।
সোমবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো।
আনিসুল হক বঙ্গবন্ধু হত্যা মামলারও প্রধান কৌঁসুলি ছিলেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি শেষে বহু প্রতীক্ষিত জেল হত্যা মামলারও চূড়ান্ত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলো।
রোববার জেল হত্যাকাণ্ডের পুনর্বিচারের জন্য আবেদন করে সরকার।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24