কুমিল্লা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার মুরাদনগরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে।
সোমবার সকালে বাঙ্গরা ও খামার গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘাত বাঁধে বলে পুলিশ জানায়। সংঘর্ষ থামাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।
সংঘর্ষের কারণে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে গাড়ি চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে কীর্তন দেখা নিয়ে বাঙ্গরা ও খামার গ্রামের লোকজনের মধ্যে হাটাস গ্রামে সংঘর্ষ হয়। এর জের ধরে বাঙ্গরা গ্রামের সোহাগ মুরাদনগরে যাওয়ার সময় খামার গ্রামের লোকজন তাকে মারধর করে। এরপরপরই দুই গ্রামের মানুষ দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।
সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকে। ওই সময় বাঙ্গরা বাজারে ২০-২৫টি দোকানও ভাংচুর হয়।
মুরাদনগর থানার ওসি আমিরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১২টার পর সড়কে গাড়ি চলাচল পুনরায় শুরু হয়।
সংঘর্ষ থামাকেত গিয়ে দুই উপপরিদর্মকসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, পুলিশ আহত হওয়ার ঘটনায় মামলা হবে।
ঘটনাস্থল থেকে বাঙ্গরা গ্রামের এয়ার হোসেন (২৫) ফিরোজ মিয়া (৪০) শরিফুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯১০ ঘ.
bdnews24