২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫০ বস্তা কাঠ-কয়লা আটক

কাঠ পুড়িয়ে তৈরি সাড়ে চারশ' বস্তা কয়লা আটক করেছে বাগেরহাট পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

বাগেরহাট, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাঠ পুড়িয়ে তৈরি সাড়ে চারশ' বস্তা কয়লা আটক করেছে বাগেরহাট পুলিশ। পুলিশ বলেছে, অবৈধভাবে সুন্দরবনের নানা প্রজাতির গাছ কেটে এনে এসব কয়লা তৈরি করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে রামপাল থানার পাশের মংলা নদী থেকে ট্রলার বোঝাই এই কয়লা আটক করা হয়। গ্রেপ্তার করা হয় দুজনকে। রামপাল থানার ওসি মো. নিজামউদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানান, বাগেরহাটের সুন্দরবন এলাকার কিছু সংঘবদ্ধ চক্র অবৈধভাবে বনের গাছ কেটে কয়লা বানিয়ে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছে। বাগেরহাটের শরণখোলা ও পিরোজপুরের মঠবাড়িয়া থেকে নৌপথে এসব কয়লা বিক্রির জন্য খুলনায় নেওয়া হচ্ছিল বলে ওসি জানান। আটককৃতরা হলেন- শরণখোলার খোন্তাকাটা গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৫৮) ও মোরেলগঞ্জ উপজেলার পূর্ব সরালিয়া গ্রামের হেলাল উদ্দিন শেখ (৩০)। ওসি জানান, তারা নিজেদের ট্রলার চালক হিসেবে পরিচয় দিয়ে পুলিশের কাছে আটক কয়লার চারজন মালিকের নাম প্রকাশ করেছেন। রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিদুর রহমান বাদি হয়ে আটক দু'জনসহ ছয়জনকে আসামি করে বন আইনে একটি মামলা করেছেন। সোমবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার গভীর রাতে রামপালের কালিগঞ্জ বাজার থেকে জেলা গোয়েন্দা পুলিশ এ ধরনের ১৯২ বস্তা কয়লাসহ পাঁচজনকে আটক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.