২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে সংসদে কথা বলতে বললেন প্রধানমন্ত্রী

সংসদ ও গণতন্ত্রকে আরো কার্যকর করতে রাজপথের পরিবর্তে সংসদে এসে কথা বলতে বিএনপি'র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ ও গণতন্ত্রকে আরো কার্যকর করতে রাজপথের পরিবর্তে সংসদে এসে কথা বলতে বিএনপি'র প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে এ সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্রকে আরো কার্যকর করতে সরকারের নেওয়া বিভিন্ন ব্যবস্থার কথা উল্লেখ করে স্টিফেন ফ্রোয়েনকে প্রধানমন্ত্রী বলেন, "ইতিমধ্যে সরকার জাতীয় সংসদকে সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।" প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সাক্ষাতে শেখ হাসিনা এবং স্টিফেন ফ্রোয়েন গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং অর্থনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আবুল কালাম জানান, এ সময় স্টিফেন ফ্রোয়েন শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তার ভূমিকা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।" স্টিফেন বলেন, ইইউ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে দক্ষিণাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সমর্থন ও সহযোগিতা করায় ইইউ'কে ধন্যবাদ জানান। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নেই।" এ সময় আবুল কালাম আজাদ ছাড়াও অ্যম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮১৪ ঘ.