২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক মামলায় হেলালের সাজা বাতিল করলো হাইকোর্ট

দুর্নীতির মামলায় সরকারদলীয় সাংসদ শেখ মো. হেলাল উদ্দিন ও তার স্ত্রীর কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় সরকারদলীয় সাংসদ শেখ মো. হেলাল উদ্দিন ও তার স্ত্রীর কারাদণ্ডের রায় বাতিল করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ মামলা বাতিলে হেলাল ও তার স্ত্রী রূপা চৌধুরীর আপিল আবেদনের শুনানি শেষে এই রায় দেয়। ২০০৮ সালের ২৪ ফেব্র"য়ারি দুর্নীতি মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই হেলালকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। সেইসঙ্গে হেলালকে দুর্নীতিতে সহযোগিতা করায় তার স্ত্রী রূপা চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মঞ্জুরুল আহমেদ অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে রমনা থানায় মামলাটি দায়ের করেন। হেলালের পক্ষে আপিল আবেদনের ওপর শুনানি করেন অ্যাডভোকেট গাজী মোশতাক আহমেদ। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান। আদেশের পর খুরশিদ আলম বলেন, এই রায়ের বিরুদ্ধে আপিল দায়েরের বিষয়ে দুদক সিদ্ধান্ত নেবে। এর আগে গত ১ নভেম্বর চাঁদাবাজির মামলায় হেলালের সাত বছরের কারাদণ্ডের রায় বাতিল করে হাইকোর্ট। ২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি ঢাকার বিশেষ জজ আদালত আওয়ামী লীগের এই সাংসদকে চাঁদাবাজির এক মামলায় সাত বছরের কারদণ্ড দেয়। ২০০৯ সালে ৯ মে তিনি ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ২০০৭ সালে ২১ মে কাফরুল থানায় হেলালের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৭৪৪ ঘ.