২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাক্সকার্ড পাবেন ১০ সর্বোচ্চ করদাতা

সর্বোচ্চ করদাতা ১০ জনকে ট্যাক্স কার্ড দেওয়া সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিসভা। ট্যাক্সকার্ডধারীরা সিআইপি মর্যাদায় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 09:00 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ করদাতা ১০ জনকে ট্যাক্স কার্ড দেওয়া সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন করেছে মন্ত্রিসভা। ট্যাক্সকার্ডধারীরা সিআইপি মর্যাদায় রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন। মন্ত্রিসভার সোমবারের বৈঠকে স্বল্পমূল্যে ল্যাপটপ উৎপাদন ও বিপণনে জন্য মালয়েশিয়ার একটি ও বাংলাদেশি দুটি প্রতিষ্ঠান মিলিয়ে একটি কোম্পানি করার প্রস্তাবও অনুমোদিত হয়। মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। আবুল কালাম আজাদ বলেন, "নতুন নীতিমালার আলোকে করদাতাদের উৎসাহিত করতে বিভিন্ন ক্ষেত্রে দেশের সর্বোচ্চ ১০ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হবে। এ কার্ডধারী ব্যক্তিরা নির্দিষ্ট মেয়াদের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) মর্যাদা ভোগ করবেন।" নীতিমালা অনুযায়ী টানা পাঁচ বছর কর পরিশোধ করেছেন এমন ব্যক্তিরাই ট্যাক্স কার্ড পাওয়ার যোগ্য হবেন বলে জানান তিনি। এসব ব্যক্তিকে কার্ড ছাড়াও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা পুরস্কারে ভূষিত করা হবে। তবে কোনো কারণে কর বকেয়া হলে, পাঁচ বছর আগের কর বকেয়া থাকলে, ঋণখেলাপি হলে অথবা কোনো ধরনের মামলায় দণ্ডিত আসামি হলে এ কার্ডের অযোগ্য বলে বিবেচিত হবে। প্রেস সচিব আরো জানান, বাংলাদেশে স্বল্প মূল্যে বিক্রির জন্য ল্যাপটপ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন ধরে লোকসানি প্রতিষ্ঠান হিসেবে থাকা টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে বাংলাদেশি আরো একটি প্রতিষ্ঠান ও মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে। অন্য প্রতিষ্ঠান দুটি হলো- বাংলাদেশের টুএম কর্পোরেশন ও টিএফটি মালয়েশিয়া। তিনটি প্রতিষ্ঠানের সমন্বয়ে 'টিএসএস-টুএম-টিএফটি' নামে একটি পৃথক কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজাদ বলেন, এ কোম্পানির মোট মূলধন হবে ১৪৮ কোটি টাকা। কোম্পানিটি টেশিসের বিভিন্ন অবকাঠামো ব্যবহার করবে। এতে ৮, ৯ ও ১২ ইঞ্চি ল্যাপটপ উৎপাদন করা হবে। এসব ল্যাপটপ যথাক্রমে ১০, ১২ ও ১৫ হাজার টাকায় বিক্রি করা হবে। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কমনওয়েলথ সম্মেলনে যোগদানের বিষয়ে একটি প্রতিবেদন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৬০৫ ঘ.