ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁঠালবাগানে হেলে পড়া ভবনের মালিক ও নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে রাজউক।
সোমবার দুপুরে কলাবাগান থানায় মামলাটি হয়। রোববার রাতে 'এশিয়া হায়দার টাওয়ার' নামের সাততলা ওই ভবন হেলে পড়ে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক উন্নয়ন শেখ আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজউকের নিয়ম-নীতি না মেনে ভবন নির্মাণ করায় মালিক ও ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।"
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রিয়াদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্মাণ শর্ত ভঙ্গ করে ভবন নির্মাণ করায় কাঁঠালবাগানের হেলেপড়া ভবনের মালিক আলমগীর হোসেন ও আবাসন ব্যবসায়ী শামসুদ্দিন মজুমদারের বিরুদ্ধে রাজউক মামলা করেছে।"
শামসুদ্দিন মজুমদারের প্রতিষ্ঠান এশিয়ান কমটেক বিডি লিমিটেড ওই ভবনটি নির্মাণ করছিলো। রোববার রাত সোয়া ১১টার দিকে ওই ভবনের নিচ তলা দেবে যায়। এরপর ভবনটি পূর্ব দিকের ১৬-তলা ভবন নাসির টাওয়ারের দিকে হেলে পড়ে।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান সোমবার সকালে হেলে পড়া ওই ভবন দেখতে যান। হেলে পড়ার কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবনটি ভেঙে ফেলতে ঢাকা সিটি কর্পোরেশনকে পরামর্শ দিয়েছে দমকল বাহিনী।
গত ১ জুন রাজধানীর বেগুনবাড়ি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে অন্তত ২৫ জন প্রাণ হারায়। এর তিনদিন পর একই এলাকায় সাততলা আরেকটি ভবন হেলে পড়ে। প্রায় একই সময় তেজগাঁওয়ের নাখালপাড়ায় আরেকটি পাঁচতলা ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24