২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গা-কক্সবাজারে ১৬টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা ও কক্সবাজারের মহেশখালী থেকে ১৬ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2010, 06:46 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা ও কক্সবাজারের মহেশখালী থেকে ১৬ টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমান গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। সোমবার ভোর রাতে কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের পূর্ব ফকিরপাড়া এলাকার পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৯টি দেশি বন্দুক, একটি বিদেশি কাটা রাইফেল, একটি পিস্তল, একটি রিভলবার ও ১০০ রাউন্ড গুলি এবং পতেঙ্গা থেকে চারটি দেশি বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মহেশখালীর অস্ত্রের কারখানা থেকে আবু বকর সিদ্দিক (২১), তজু মিয়া ওরফে মনু (৫০) ও নাসির উদ্দিন (৩৭) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ওই পাহাড়ে অভিযান চালানো হয়। রোববার গভীর রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির বিপুল পরমিাণ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে রাইফেলের বাট, ব্যারেল রয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে সাইদুল বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওদিকে, নগরীর পতেঙ্গা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় সোমবার সকালে চারটি দেশে তৈরি বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা । তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান সাইদুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/কেএমএস/১২৪৪ ঘ.