বগুড়া, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছয় দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।
পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার পোড়া পাইকাড় এলাকার আব্দুর রাজ্জাক (২২), শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার আব্দুল হাকিম (২২), গাবতলী উপজেলার কুটি বাড়ি এলাকার মিল্লাত (২২), একই উপজেলার মহিষাবান গ্রামের মোস্তাফিজুর রহমান মিন্টু (২২), বগুড়া সদরের কামাড়গাড়ী এলাকার মামুন (২২) ও সাবগ্রাম এলাকার সোহেল রানা (২২)।
এসআই নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রতিদিন ১৫/২০ জনের একটি দালাল চক্র হাসপাতাল চত্বরে জটলা বেঁধে বিভিন্ন ক্লিনিক ও ওষুধের দোকানের পক্ষে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে।
তিনি বলেন, এ ব্যাপারে রোগীসহ বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ পাওয়ায় আজ (রোববার) সকাল ১০টার দিকে ঝটিকা অভিযান চালানো হয়। এতে ছয়জন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৬ ঘ.
bdnews24