ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের স্থানীয় সভাপতির সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে গেন্ডারিয়ায় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম দিলু হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যায় জড়িত অভিযোগে আটক শরিফুল ইসলাম (৪৫) ও মো. যুবরাজ হোসেন জুয়েলকে (২৫) রোববার তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গেন্ডারিয়ার কেশব ব্যানার্জী সড়কে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন দ্বীন ইসলাম ওরফে দেলোয়ার হোসেন দিলু (৪০)। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চারজনকে শনিবার আটক করে পুলিশ।
শনিবার রাতে নিহতের মা পিয়ারা বেগম বাদী হয়ে শরীফ ও জুয়েলসহ মোট ১১জনকে আসামি করে একটি মামলা করেন বলে জানান গেন্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ।
মামলার পর শরীফ ও জুয়েলকে এ মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রোববারও থানায় রাখা হয়েছে।
ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছরের এপ্রিল মাসে দ্বীন ইসলামের সঙ্গে শরীফুল ইসলামের বিরোধ হয়। সে সময় দিলুর লোকজনের আঘাতে শরীফের কয়েকভাই আহত হয়।
"এরপর থেকেই তারা দিলুকে হত্যার চেষ্টা করছিলো," জানিয়ে ওসি ফারুক বলেন, "হত্যা পরিকল্পনার রেকর্ড করা বক্তব্যও পাওয়া গিয়েছে। সেখানে শরীফের কন্ঠে দিলুকে হত্যার পরিকল্পনার বক্তব্য রয়েছে।"
দিলু ও শরীফের বিরোধ মেটাতে স্থানীয়ভাবে কয়েকদফা বৈঠক হয় বলেও জানান ওসি। তবে তাতে কোন সমাধান হয়নি।
তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি
রোববার বিকালে মামলাটির তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. সুলতান হোসেন শরীফ ও জুয়েলকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজত (রিমান্ড) চান।
হত্যার মূল রহস্য উদ্ঘাটন, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ জরুরি বলে তিনি আদালতের কাছে আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম শামীমা পারভীন তাদের তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
হেফাজত আবেদনে বলা হয়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়ার ১৪ নম্বর কেশব ব্যানার্জী সড়কে সরকার সেবাঘর ঔষধালয়ের সামনে গ্রেপ্তারকৃত দুজন পরিকল্পিতভাবে গুলি করে দিলাকে হত্যা করে।
হত্যা মামলার বাদি দিলার মা তার ছেলেকে হত্যার পরিকল্পনার রেকর্ড করা সিডি তদন্ত কর্মকর্তাকে দিয়েছেন। এতে গ্রেপ্তার শরীফের কথোপকথন ধারণ করা আছে।
শোকমিছিলে হামলা
দিলুর মৃত্যুতে রোববার সকালে শোকমিছিল করে স্থানীয়রা। এতে দিলুর বিরোধীদের হামলায় গেন্ডারিয়া থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক সুভাষ কুমার দাস আহত হন।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
ওসি ফারুক আহমেদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে ফারুকের স্মরণে একটি শোকমিছিল গেন্ডারিয়ার লোহারপুল এলাকায় যায়। সেখানে গ্রেপ্তারকৃত শরিফুল ইসলামের বাড়ি থেকে মিছিলের ওপর ককটেল ও ইট ছোড়া হয়।
এতে এসআই সুভাষের মাথা ফেটে যায় বলে জানান ওসি। উত্তেজিত জনতা এ সময় বাড়িটি ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন জানান, মিছিল থেকে উত্তেজিত জনতা বাড়িটি লক্ষ করে ইটপাটকেল ছুড়ে মারে।
পুলিশ বাড়িটিতে তল্লাশি চালিয়ে সুজন (২২) নামে এক যুবককে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুজন ও আরো ২০/২৫ জন অজ্ঞাতনামাকে আসামী করে একটি মামলা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিবি/পিডি/১৯১৬ ঘ.
bdnews24