হবিগঞ্জ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত স্টপেজ ছাড়া বাস থামানো নিয়ে বাক বিতণ্ডার জেরে বাস শ্রমিকরা এক মাদ্রাসা অধ্যক্ষকে মারধরের পর হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে ছাত্র-জনতা।
রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার বৈদ্যেরবাজার এলাকার নূরে মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ছাত্ররা বাহুবল উপজেলার মিরপুরের চৌমুহনিতে সড়ক অবরোধ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই মাদ্রাসার অধ্যক্ষ বদরুদ্দোজা সেলিমকে সিলেটগামী মিতালী পরিবহনের শ্রমিকরা বাহুবল উপজেলার মিরপুরের চৌমুহনিতে জোর করে নামিয়ে দেয়।
তিনি ছাত্রদের নবীগঞ্জ উপজেলার দাখিল স্কুল সার্টিফিকেট (ডিএসসি) পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন।
চৌমুহনিতে নামতে চাইলে স্টপেজ না থাকায় সেখানে বাস থামানো হয়নি। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হলে পরে এক পর্যায়ে বাস শ্রমিকরা সেলিমকে নামিয়ে মারধর করে।
আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ মাদ্রাসা ছাত্রদের সঙ্গে যোগ দিয়ে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা হবিগঞ্জ-সিলেট রুটের তিনটি বিরতিহীন বাস ভাংচুর করে।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সুজ্ঞান চাকমা, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ চৌধুরী, হবিগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ঘটনাস্থলে যান।
তারা সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
বাহুবল থানার ওসি সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবে বলেন, "বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে।"
তিনি জানান, সোমবার বিকাল ৩টায় স্থানীয় মিরপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমঝোতা বৈঠক হবে। এ ব্যাপারে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-সিলেট সড়কে বিরতিহীন বাসগুলো বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24