ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
মরিয়ার্টি রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাসিনার সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা চারদিনের সফরে এখন প্রতিবেশী দেশ ভারত রয়েছেন। তার সফরের সময়েই মরিয়ার্টি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন।
আবুল কালাম বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়, বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়।
"দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও বাংলাদেশে মার্কিন বিনিয়োগ নিয়েও আলোচনা হয়", বলেন তিনি।
শেখ হাসিনা মরিয়ার্টিকে বলেছেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদী ও সন্ত্রাসীদের স্থান হবে না।
সুশাসন প্রতিষ্ঠা এবং সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ কাজ করে যাচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান।
যুক্তরাষ্ট্রের দূত প্রবৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি এবং অর্থনৈতিক উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে মরিয়ার্টির বৈঠকের সময় উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়া উদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আব্দুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24