ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুব শিগগির তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষর করা হবে জানিয়ে অভিন্ন অন্যান্য নদীর পানিবণ্টন প্রক্রিয়াও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে 'গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা অববাহিকা; পানি-ভিত্তিক আঞ্চলিক সহযোগিতা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "সরকার তিস্তার পানিবণ্টনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অচিরেই এ চুক্তি স্বাক্ষর হবে।"
তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন প্রক্রিয়াও ধীরে ধীরে শুরু করার আশা প্রকাশ করেন।
টিপাইমুখ ইস্যুতে ভারতের সঙ্গে গঠণমূলক আলোচনা হয়েছে জানিয়ে দীপুমনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় ভারত জানিয়েছে, তারা টিপাইমুখে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু করবে না।"
দক্ষিণ এশিয়ায় অববাহিকাভিত্তিক পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সহযোগিতাই সর্বোচ্চ উপায় উল্লেখ করে তিনি এজন্য সরকারি বেসরকারি পর্যায়ে সবাইকে কাজ করার আহ্বান জানান।
সেমিনারে প্যানেল আলোচক ভারতের পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব রামেস্বওয়ামী আর আয়ার বলেন, "অভিন্ন নদীর পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, পানি দূষণ রোধ এবং সুন্দরবন ব্যবস্থাপনা নিয়ে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে।"
এছাড়া তিনি দুই দেশের পানি ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য আদান-প্রদানের দাবি জানিয়ে বলেন, "পানির অব্যবস্থাপনাও পানি সঙ্কটের অন্যতম প্রধান কারণ।"
সেমিনারে সভাপতিত্ব করেন পিকেএসএফ'র পরিচালনা পর্ষদের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বক্তব্য দেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব শেখ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, নেপালী পানিসম্পদ বিশেষজ্ঞ ঈশ্বর রাজ অন্তা ও বাংলাদেশ পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সাবেক মহাপরিচালক ড. এমএ কাশেম।
মুক্ত আলোচনায় বক্তব্য দেন- বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সদস্য প্রকৌশলী মীর সাজ্জাদ হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ফজলুল বারী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/জেবি/পিডি/২০৪ ঘ.
bdnews24